তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে মেসি ও রোনালদো কি একে অপরের মুখোমুখি হবেন? এই প্রশ্নই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল। সমীকরণ বলছে, দুই দল যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে এগিয়ে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালেই প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন দুই কিংবদন্তি।
আর্জেন্টিনা ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে। পর্তুগাল গ্রুপে দ্বিতীয় স্থানে থাকলেও শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে। দুই দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং শেষ ৩২ ও শেষ ১৬-এর ম্যাচ জিততে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালেই হবে সেই বহু প্রতীক্ষিত দ্বন্দ্ব।
জাতীয় দলে এর আগে মাত্র দুবার মুখোমুখি হয়েছেন দুজন — ২০১১ সালে সুইজারল্যান্ডে প্রীতি ম্যাচে, যেখানে মেসির পেনাল্টি গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে ওল্ড ট্রাফোর্ডে আরেকটি প্রীতি ম্যাচে জিতেছিল পর্তুগাল। তাই আন্তর্জাতিক মঞ্চে দুজনের লড়াই এখন ১-১ সমতায়।
ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ বারের দেখায় মেসি জিতেছেন ১৬টিতে, রোনালদো ১০টিতে। আর উভয়ে একটি জায়গায় পুরোপুরি সমান — করেছেন ২২টি করে গোল।
উজবেকিস্তান ম্যাচের পর এ সম্ভাবনার কথা মনে করিয়ে দিলে কিছুটা বিরক্তি দেখালেও রোনালদো বললেন, ‘এটা হবে দারুণ!’