ছবি: সংগৃহীত

কেইনের ওপর ‘জাদু’ করার দাবি ঘানার ওঝার, কে এই নানা কওয়াকু?

Share

বিশ্বকাপে ঘানা-ইংল্যান্ড ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর আলোচনায় উঠে এসেছেন ঘানার আলোচিত ওঝা নানা কওয়াকু বোনসাম। তাঁর দাবি, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ম্যাচে গোল করতে পারেননি তাঁর প্রয়োগ করা ‘আধ্যাত্মিক শক্তি’র কারণেই।

ম্যাচের আগেই বোনসাম জানিয়েছিলেন, তিনি ঘানার স্বার্থে কেইনকে নিষ্ক্রিয় করে রাখবেন। ম্যাচে কেইন একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। পরে ফেসবুকে নতুন ভিডিওতে বোনসাম জানান, পরবর্তী ম্যাচে কেইন যেন আবার গোল করতে পারেন সে জন্য তিনি সেই প্রভাব সরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি’ বলেও দাবি করেন তিনি।

১৯৭৩ সালে ঘানায় জন্ম নেওয়া বোনসাম ঘানার রাজধানী আক্রায় তিনটি আধ্যাত্মিক উপাসনালয় পরিচালনা করেন। তাঁর দাবি, দুই দশকেরও বেশি সময় ধরে ভেষজ চিকিৎসা ও তাবিজ-কবচের মাধ্যমে মানুষকে সমস্যার সমাধান দিয়ে আসছেন। শুধু ঘানা নয়, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকেও তাঁর কাছে মানুষ আসেন বলে দাবি করেন তিনি।

এটি তাঁর প্রথম আলোচনা নয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ক্রিশ্চিয়ানো রোনালদোর হাঁটুর চোটের পেছনে নিজের প্রভাব থাকার দাবি করে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। আধ্যাত্মিক পরিচয়ের বাইরে ২০২০ সালে সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন বোনসাম, যদিও জিততে পারেননি।

অবশ্য ফুটবল বিশ্লেষকেরা তাঁর এসব দাবিকে কাকতালীয় ঘটনা বলেই মনে করেন। কেইন বা রোনালদোর পারফরম্যান্সে তাঁর কোনো প্রভাবের বৈজ্ঞানিক প্রমাণ কখনো পাওয়া যায়নি। তবে বড় টুর্নামেন্ট এলেই তাঁকে ঘিরে রহস্য ও কৌতূহল নতুন করে ফিরে আসে।