ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

Share

বিশ্বকাপে অভিষেকেই রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দ্বীপদেশ ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচে একটিও না হেরে নকআউটে উঠেছে। আর এই রানার্সআপ দলটিকেই শেষ ৩২-এর রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

হিউস্টনে আজ সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেনকে গোলশূন্য ড্র এবং উরুগুয়েকে ২-২ গোলে আটকে রেখেছিল। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি।

একই গ্রুপে গুয়াদালাহারায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ৪২ মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে জয় পায় তারা। উরুগুয়ের ৪০ বছর বয়সী গোলকিপার ফার্নান্দো মুসলেরা শটটি ঠেকাতে গিয়ে বলটি ধরে রাখতে পারেননি। ৮৯ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার কানোবিও লাল কার্ড দেখেন।

এই হারে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল উরুগুয়ে। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সৌদি আরবও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে।

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের — সম্ভাব্য অস্ট্রিয়া বা আলজেরিয়ার — বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচ খেলবে।