এআই দিয়ে ইয়াবাসহ আটক আসামির জার্সি বদলে দিল বরিশাল পুলিশ, সমালোচনার ঝড়

Share

বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে ব্রাজিলের জার্সিতে পরিবর্তনের অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোমবার বিকেলে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করে কাউনিয়া থানা পুলিশ। আটকের সময় তাঁর গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। পরে থানার পক্ষ থেকে তোলা ছবি বিএমপির মিডিয়া সেলে পাঠানো হলে সেখানে ডিজিটালভাবে জার্সির নকশা পরিবর্তন করে ব্রাজিলের জার্সি বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বিএমপির মিডিয়া সেল থেকে পরিবর্তিত ছবিটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ বলেন, বিষয়টি দুষ্টুমির ছলেই করা হয়েছিল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করে তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আঁখি নামের ৩২ বছর বয়সী আরেক অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, যেখানে আটক রাসেল ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।