সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি। ছবি : এএফপি

ব্রাজিলের বিদায়কে সতর্কবার্তা মানছেন স্কালোনি, মিসরকে নিয়ে সমীহ আর্জেন্টিনার

Share

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়া ব্রাজিলের পরিণতিকে নিজেদের জন্য এক বড় সতর্কসংকেত হিসেবে দেখছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মিসরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, ব্রাজিলের বিদায়ের পেছনে মূল কারণ ছিল একাধিক সহজ সুযোগ নষ্ট করা।

নরওয়ের বিপক্ষে ম্যাচে একের পর এক সুযোগ হাতছাড়া করেছিল ব্রাজিল, এমনকি প্রতিপক্ষ গোলরক্ষক ওরইয়ান নিলান্ডকে একা পেয়েও পরাস্ত করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। স্কালোনির বিশ্লেষণ, এসব সুযোগ কাজে লাগানো গেলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, তিনি ব্রাজিলের খেলা মোটামুটি অনুসরণ করেছেন এবং নরওয়েকে ভালো দল বলেই মনে করেন। ম্যাচের শুরুর দিকে স্কোরলাইন যখন গোলশূন্য ছিল, তখন এনদ্রিক সেই সুযোগটি কাজে লাগাতে পারলে হয়তো ফলাফল ভিন্ন হতো বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, ব্রাজিল একটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই মূল বাস্তবতা—আর যেহেতু তারাও এখন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে, তাই সতর্ক থাকছেন তাঁরা।

মিসরকে শেষ ষোলোর কঠিন প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করেন স্কালোনি। তবে চূড়ান্ত একাদশ নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। তাঁর ভাষ্যে, একাদশ ইতিমধ্যে চূড়ান্ত করা হলেও তা এখনো খেলোয়াড়দের জানানো হয়নি, এমনকি সাংবাদিকদেরও জানাবেন না বলে জানান তিনি—যদিও প্রেস অফিসের মাধ্যমে তিনি অবগত যে সাংবাদিকরা ইতিমধ্যে মোটামুটি সঠিক অনুমান করে ফেলেছেন।

কেপ ভার্দের বিপক্ষে তিন দিন আগে ১২০ মিনিট খেলা ৩৯ বছর বয়সী লিওনেল মেসির ফিটনেস নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে স্কালোনি জানান, মেসি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এই বয়সেও দীর্ঘ ম্যাচ খেলার পরও কোনো ক্লান্তির কথা জানাননি তিনি।

প্রতিপক্ষ মিসরের প্রশংসা করে স্কালোনি বলেন, দলটির নির্দিষ্ট কৌশল ও মজবুত রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে, আর তাঁর ধারণা আর্জেন্টিনার বিপক্ষেও একই কৌশল প্রয়োগ করবে মিসর। মোহাম্মদ সালাহকে বড় মাপের খেলোয়াড় আখ্যা দিয়ে তিনি বলেন, তাঁর মুখোমুখি হওয়াটা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা, আর মিসরের এই পর্যায়ে আসাটাও পুরোপুরি প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি।