৪৮ দলের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ৪০টি দল, টিকে আছে মাত্র আটটি। একের পর এক চমক, হৃদয়ভাঙা বিদায় আর বিতর্কের মধ্য দিয়ে টুর্নামেন্ট পৌঁছে গেছে তার শেষ পর্বে।
শেষ ষোলোর সবচেয়ে আলোচিত ও নাটকীয় লড়াইয়ের জন্ম দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচটি। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষমেশ ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। তবে জয়ের পরই শুরু হয়েছে রেফারিং নিয়ে তুমুল বিতর্ক—একটি গোল বাতিল হওয়া এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগমুহূর্তে সম্ভাব্য ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে মিসর।
টুর্নামেন্টে ফেবারিট হিসেবে আসা স্পেনও পা রেখেছে শেষ আটে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।
শেষ আটে জায়গা পাকা করেছে ফ্রান্সও। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের সহজ জয়ে কোয়ার্টারে পৌঁছেছে ২০২২ বিশ্বকাপের রানার্সআপরা। সেখানে তাদের অপেক্ষায় আছে আফ্রিকার প্রতিনিধিত্ব ধরে রাখা মরক্কো, যারা স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ আটের টিকিট পেয়েছে।
তুলনামূলক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে শেষ আটে উঠতে হয়েছে ইংল্যান্ডকে। সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের জয়ে হ্যারি কেইনরা পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের সামনে পড়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের জন্মদাতা নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়ে।
শেষ ষোলোর সবচেয়ে সাদামাটা ও উত্তেজনাহীন ম্যাচটি হয়েছে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে। পুরো ১২০ মিনিটেও কোনো গোলের দেখা না মেলায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপের সেই লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড—যাদের সামনে এবার পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সময়সূচি
বৃহস্পতিবার, ৯ জুলাই ফ্রান্স-মরক্কো বাংলাদেশ সময় রাত ২টা, জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস
শুক্রবার, ১০ জুলাই স্পেন-বেলজিয়াম বাংলাদেশ সময় রাত ১টা, সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া
শনিবার, ১১ জুলাই নরওয়ে-ইংল্যান্ড বাংলাদেশ সময় রাত ৩টা, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
রোববার, ১২ জুলাই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড বাংলাদেশ সময় সকাল ৭টা, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি