ছবি: ফিফা

মেসিকে রুখতে টেনিস বলে অনুশীলন সুইস গোলরক্ষকদের, ফিরে এলো নাভারের সেই পুরোনো কৌশল

Share

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ভিন্ন এক অনুশীলন পদ্ধতি বেছে নিয়েছে সুইজারল্যান্ড দল। কানসাসের অনুশীলন মাঠে ফুটবলের বদলে টেনিস বল হাতে দেখা গেছে দলের তিন গোলরক্ষক গ্রেগর কোবেল, ইভন এমভোগো ও মারভিন কেলারকে। দলের বাকি সদস্যরা যখন স্বাভাবিক ওয়ার্মআপে ব্যস্ত ছিলেন, তখন এই তিনজনকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করান গোলরক্ষক কোচ।

আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর, অর্থাৎ ১৯৫৪ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে সুইসরা। এত বড় একটি সুযোগ সহজে হাতছাড়া করতে চাইছে না দলটি, আর সে কারণেই মেসিদের আক্রমণ ঠেকাতে ভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছেন কোচিং স্টাফ।

অনুশীলনে গোলরক্ষকদের টেনিস বল হাতে হাঁটতে এবং বাতাসে বল জাগলিং করতে দেখা যায়। ছোট আকারের এই বল নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন, কারণ এটি বাতাসে অপ্রত্যাশিতভাবে দিক পরিবর্তন করে এবং চোখে দেরিতে ধরা পড়ে। ফলে গোলরক্ষকদের প্রতিক্রিয়া সময় ও হাত-চোখের সমন্বয় বাড়াতে এই অনুশীলন কার্যকর বলে মনে করা হয়।

তবে গোলরক্ষকদের টেনিস বলে অনুশীলনের এই ধারা নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপে কোস্টারিকাকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক কেইলর নাভা, যিনি ছোটবেলা থেকেই এই পদ্ধতিতে অনুশীলন করতেন। তাঁর অসাধারণ গোলকিপিং সে সময় আলোচনায় নিয়ে আসে টেনিস বল-ভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতিকে।

সুইজারল্যান্ডেরও এই কৌশলের সঙ্গে পুরোনো সম্পর্ক রয়েছে। দলের সাবেক গোলরক্ষক ইয়ান সোমার নিয়মিত এই পদ্ধতিতে অনুশীলন করতেন, যেখানে কোচ র‍্যাকেট দিয়ে পেনাল্টি স্পট থেকে শট নিতেন আর সোমার তা রুখে দিতেন। বর্তমান কোচিং স্টাফও একই পদ্ধতি অনুসরণ করছেন বর্তমান গোলরক্ষকদের প্রস্তুত করতে।

বিশেষজ্ঞদের মতে, আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলারদের আচমকা ও শক্তিশালী শট মোকাবিলায় এই বিশেষ প্রস্তুতি কাজে লাগতে পারে। ৭২ বছর পর পাওয়া এই সুযোগে মাঠের লড়াইয়ে সুইজারল্যান্ডের এই ভিন্নধর্মী প্রস্তুতি কতটা সফল হয়, তা জানতে অপেক্ষা করতে হবে রোববারের ম্যাচ পর্যন্ত।