ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে গ্যালারিতে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ঐতিহাসিক এই ম্যাচটি দেখতে আগামী রোববার তিনি নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্যারোলিন লেভিট বলেন, আমরা সবাই রোববারের ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রেসিডেন্ট ট্রাম্পও এই দ্বৈরথটি সরাসরি মাঠে বসে দেখতে মুখিয়ে আছেন।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারের বিশ্বকাপটিই ‘সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল’ হিসেবে রূপ নিয়েছে। ফাইনাল ম্যাচে প্রেসিডেন্টের উপস্থিতি এই সফল আয়োজনের এক জাঁকজমকপূর্ণ সমাপ্তি টানবে বলে তিনি মন্তব্য করেন।
ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন- প্রেসিডেন্ট ট্রাম্প কোন পক্ষ নিচ্ছেন, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে লেভিট জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তার জানা নেই। তবে সাংবাদিকদের এই প্রশ্নটি সরাসরি ট্রাম্পকেই করার পরামর্শ দিয়ে তিনি রসিকতার সুরে বলেন, ‘আপনারা তাকেই জিজ্ঞেস করুন, নিশ্চয়ই তিনি দারুণ মজার কোনো উত্তর দেবেন।’
ফাইনাল ম্যাচের আগে আজ শুক্রবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফা আয়োজিত একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ১টায় বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।