বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচেই প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে মাঠে মুখোমুখি হবেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। তবে দুজনের এটাই প্রথম সাক্ষাৎ নয়—১৯ বছর আগে দুই তারকার এক স্মরণীয় মুহূর্তের কথা আবারও উঠে এসেছে মেসির মুখে।
২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা এক ছবিতে দেখা যায়, তৎকালীন বার্সেলোনা তারকা মেসি একটি ছোট প্লাস্টিক বাথটাবে পাঁচ মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন। বছরের পর বছর ধরে আলোচনায় থাকা সেই ছবি নিয়ে ফাইনালের প্রাক্কালে অবশেষে মুখ খুলেছেন মেসি।
ফাইনালের আগে নিউইয়র্কে আয়োজিত এক ফ্যান ইভেন্টে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং মেসি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচের আগে এটিই ছিল মেসির প্রথম গণমাধ্যমের মুখোমুখি হওয়ার ঘটনা।
স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা ইয়ামালের সঙ্গে সেই পুরোনো ছবি প্রসঙ্গে মেসি বলেন, শৈশবে তোলা একটি ছবির সঙ্গে বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়ার বিষয়টিকে তিনি অবিশ্বাস্য বলে বর্ণনা করেন। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হওয়া ইয়ামালের সাফল্য কামনা করেন তিনি, কেননা ইয়ামালের ভালো পারফরম্যান্স বার্সেলোনার জন্যও মঙ্গলজনক বলে মন্তব্য করেন মেসি।
ইয়ামাল প্রসঙ্গে আরও প্রশংসা ঝরে মেসির কণ্ঠে। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় খেলার সুবাদে ইয়ামালের খেলা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বলে জানান তিনি। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বফুটবলের অন্যতম তারকায় পরিণত হওয়া ইয়ামালের সামনে দীর্ঘ ক্যারিয়ার ও ইতিহাস গড়ার বিশাল সুযোগ রয়েছে বলে মন্তব্য করলেও মেসি স্পষ্ট করে বলেন, ফাইনালে তাকে ঠেকাতে আর্জেন্টিনা দল সর্বোচ্চ চেষ্টা চালাবে। একইসঙ্গে ইয়ামালের সাফল্য কামনা করে সেই পুরোনো ছবিকে জীবনের অদ্ভুত বাঁকের প্রতীক হিসেবে অভিহিত করেন তিনি।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নামা আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্নের জবাবে মেসি বলেন, আবেগ নিয়ে ফুটবল খেলার মধ্য দিয়েই তাদের বেড়ে ওঠা, স্কুল-রাস্তা কিংবা ছোট ক্লাব—সবখানেই খেলাকে উপভোগ করার শিক্ষা নিয়েই তারা বড় হয়েছেন।
চাপ প্রসঙ্গে মেসি আরও বলেন, মাঠে নেমে খেলা উপভোগ করাকেই তারা স্বাভাবিক হিসেবে নেন এবং জয়ের চেয়ে হারের অভিজ্ঞতাই বেশি হয়—এই শিক্ষাই তাকে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।