আসন্ন বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই মহারণের আগে ফুটবল বিশ্লেষকদের একটি বড় অংশ এগিয়ে রাখছেন স্পেনকে। দুর্দান্ত ফর্ম, শক্তিশালী দলগত সমন্বয় ও পরিসংখ্যান বিবেচনায় ‘লা রোজা’কে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাঁচটি কারণে এবার শিরোপা জয়ের সুযোগ রয়েছে স্পেনের সামনে।
১. টানা ৩৭ ম্যাচে অপরাজিত কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে টানা ৩৭ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে স্পেন। দীর্ঘ এই ধারাবাহিকতা প্রমাণ করে, দলটি কেবল আক্রমণেই নয়, চাপের মুখেও নিজেদের সামলে রাখতে সক্ষম। ফাইনালে জিতলে ইতিহাসের অন্যতম সেরা অপরাজিত রেকর্ডের মালিক হবে তারা।
২. পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দ নকআউট পর্বে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সের মতো দলকে নির্ধারিত সময়েই পরাজিত করেছে তারা। বিশেষত সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর পর দলটির আত্মবিশ্বাস আরও বেড়েছে।
৩. লামিন ইয়ামালদের তারুণ্যনির্ভর শক্তি লামিনে ইয়ামাল, পাও কুবারসিসহ স্পেনের তরুণ ফুটবলাররা পুরো আসরে দারুণ ছাপ রেখেছেন। তাঁদের গতি, সৃজনশীলতা ও নির্ভীক খেলার ধরন বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়ে তুলেছে স্পেন।
৪. দলগত ফুটবলই মূল শক্তি কোনো একক তারকার ওপর নির্ভরশীল নয় স্পেন। বল দখল, দ্রুতগতির পাসিং, হাই প্রেসিং ও রক্ষণে সমন্বিত পারফরম্যান্স মিলিয়ে দল হিসেবে যথেষ্ট পরিণত তারা। সাবেক স্পেন কোচ হুলেন লোপেতেগুইর মতে, স্পেনের এই সমন্বিত খেলার ধরন থামানো প্রতিপক্ষের জন্য মোটেও সহজ নয়।
৫. ইতিহাসের পুনরাবৃত্তির প্রত্যাশা ২০১০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে গিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল স্পেন। এবারও একই পরিচয় নিয়ে টুর্নামেন্টে এসেছে দলটি, যে কারণে সমর্থকদের অনেকে বিশ্বাস করছেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে ‘লা রোজা’।
তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে পথটা সহজ হবে না স্পেনের জন্য। লিওনেল মেসির অভিজ্ঞতা ও আর্জেন্টিনার জয়ের মানসিকতা ম্যাচটিকে আরও কঠিন করে তুলবে। তবু বর্তমান ফর্ম, পরিসংখ্যান ও দলগত শক্তির বিচারে স্পেনের হাতে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।