ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে হারের পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মেসি

Share

বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার দেশবাসী ও সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। গত রোববার ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্প্যানিশ ভাষায় দেওয়া এক পোস্টে মেসি লেখেন, হারের যন্ত্রণা অনেক গভীর এবং এই ক্ষত সারতে সময় লাগবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে তিনি ইতিবাচক স্মৃতিগুলোকেও গুরুত্ব দিতে চান বলে জানান—দলের ঘুরে দাঁড়ানোর মুহূর্তগুলো, মাঠে সর্বোচ্চ প্রচেষ্টা এবং সারা দেশের সমর্থন, যা দলটির কঠোর পরিশ্রমের সঙ্গে মিলে তাদের আবারও বিশ্বসেরাদের কাতারে পৌঁছে দিয়েছে।

পোস্টে মেসি প্রতিটি শুভকামনা ও বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জাতি আবারও ঐক্যবদ্ধ হয়ে আর্জেন্টাইন পরিচয়ে গর্বিত হওয়ার সুযোগ পেয়েছে। একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জেতা মেসি এবারের আসরে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন, তবে ফাইনালে স্পেনের বিপক্ষে হার এড়াতে পারেননি দল।

জাতীয় দলের হয়ে মেসির অসামান্য অবদানের প্রশংসা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। রোববার ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে মেসির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, মেসির অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশে ভাষা অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি। মাঠে ও মাঠের বাইরে মেসির নেতৃত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণার জন্য পুরো জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তাপিয়া।

তার পোস্টে আরও উল্লেখ করা হয়, মেসি জাতির হৃদয়ে আনন্দ ও গর্বের যে অসংখ্য মুহূর্ত এঁকে দিয়েছেন এবং দেশের পতাকাকে বিশ্বমঞ্চের শীর্ষে তুলে ধরেছেন, তার জন্য তাকে চিরস্মরণীয় ও মহানায়ক হিসেবে অভিহিত করেন তাপিয়া। তিনি আরও লেখেন, মেসির কারণেই আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে সুখী জাতিতে পরিণত হয়েছে এবং দেশের মানুষ চিরকাল তাকে ভালোবেসে যাবে।

এদিকে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ অভিযান উদযাপনে জাতীয় ছুটির দিন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই ছুটির দিন কোনটি হবে তা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলকেই।