এ মাসেই আসছে আইফোন ১৮ প্রো, দাম-ক্যামেরা-ব্যাটারি কত?

Share
চলতি মাসেই আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করতে পারে অ্যাপল। এতে ক্যামেরা, ব্যাটারি ও পারফরম্যান্সে আপগ্রেড আসতে পারে। দাম, রং ও ফিচার নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে নানা তথ্য।
বুধবার (২ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৯ সেপ্টেম্বর অ্যাপল পার্ক-এর স্টিভ জবস থিয়েটারে এক অনুষ্ঠানে অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের প্রো আইফোন উন্মোচন করতে যাচ্ছে। আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন ও ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি ও ডিজাইনে আপগ্রেড আসতে পারে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য প্রো ম্যাক্স মডেলে আরও বড় ব্যাটারি ও বেশি কার্যকর চিপ থাকতে পারে।
তবে অ্যাপল এখনো ব্যাটারির সঠিক ধারণক্ষমতা বা আনুষ্ঠানিক ব্যাটারি ব্যাকআপের তথ্য প্রকাশ করেনি।
ম্যাকরিউমার্স-এর তথ্য অনুযায়ী, মডেলগুলো ১৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হতে পারে। তবে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে বিক্রির সময়সূচি নিশ্চিত করেনি।
টম’স গাইড-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রাখা হতে পারে। মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো—তিনটি ক্যামেরাতেই ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপল ভ্যারিয়েবল-অ্যাপারচার ক্যামেরা সিস্টেম চালু করতে পারে। তবে ক্যামেরার আরও কিছু উন্নত পরিবর্তন শুধু প্রো ম্যাক্স মডেলের জন্য রাখা হতে পারে।
ভ্যারিয়েবল অ্যাপারচারের মাধ্যমে ক্যামেরা লেন্সে কতটা আলো প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে বিভিন্ন আলোর পরিস্থিতিতে ব্যবহারকারীরা আরও বেশি সুবিধা ও নমনীয়তা পেতে পারেন।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। ম্যাকরিউমার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চিপটি ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি হতে পারে। এর ফলে পারফরম্যান্স ও বিদ্যুৎ ব্যবহারের দক্ষতায় উন্নতি আসতে পারে।
ব্যাটারি ব্যাকআপও উন্নত হতে পারে। তবে ব্যাটারির সঠিক ধারণক্ষমতা এবং আনুষ্ঠানিক ব্যাটারি ব্যাকআপের তথ্য এখনো জানা যায়নি।
ম্যাকওয়ার্লড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স চারটি রঙে আসতে পারে। সম্ভাব্য রংগুলো হলো ডার্ক চেরি, লাইট ব্লু, ডার্ক গ্রে ও সিলভার।
তবে অ্যাপল এখনো রংগুলো নিশ্চিত করেনি। ৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে ফোনগুলোর রং প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে অ্যাপলের নতুন মডেলের স্মার্টফোন দুটির সম্ভাভ্য ভারতীয় দাম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, স্মার্টপ্রিক্স বর্তমানে ভারতে আইফোন ১৮ প্রো-এর সম্ভাব্য শুরুর দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ রুপি উল্লেখ করেছে। তবে এটি একটি অনুমানভিত্তিক দাম, অ্যাপলের আনুষ্ঠানিক দাম নয়।
বিবম গেজেট্সও সম্ভাব্য শুরুর দাম হিসেবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ রুপি উল্লেখ করেছে। এসব দামও ফাঁস হওয়া তথ্য ও বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। অ্যাপল এখনো এগুলো নিশ্চিত করেনি।
সূত্র: স্টার নিউজ