ফ্যাশন বদলেছে, প্রযুক্তি বদলেছে কিন্তু পুরোনো দিনের প্রতি মানুষের টান কমেনি। সেই নস্টালজিয়াকেই এবার নতুনভাবে ফিরিয়ে আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৮০-এর দশকের লুক তৈরির ট্রেন্ড। নিজের বর্তমান ছবিকে এআইয়ের সাহায্যে বদলে অনেকেই দেখছেন, চার দশক আগে তাদের দেখতে কেমন লাগত।
চুলের স্টাইল, পোশাক ও মেকআপ থেকে শুরু করে ছবির ব্যাকগ্রাউন্ড সবকিছুতেই থাকছে ১৯৮০-এর দশকের ছোঁয়া। পুরোনো স্টুডিও পোর্ট্রেটের আবহ, উষ্ণ রঙ, ফিল্ম ক্যামেরার দানা ও সে সময়ের ফ্যাশন মিলিয়ে তৈরি হচ্ছে রেট্রো লুক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি তারকারাও এমন ছবি শেয়ার করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮০-এর দশকের লুক
এআই দিয়ে নিজের ছবিকে ভিন্ন সময় বা দশকের লুকে রূপান্তরের প্রবণতা অবশ্য নতুন নয়। প্রযুক্তির জনপ্রিয়তার সঙ্গে বিভিন্ন দশকের ফ্যাশন ও চেহারার আদলে ছবি তৈরির প্রবণতাও বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ৮০-এর দশকের লুক বিশেষভাবে নজর কেড়েছে।
কীভাবে বানাবেন ৮০-এর দশকের ছবি?
এ জন্য প্রথমে এআই ছবি তৈরির কোনো টুলে ( চ্যাটজিপিটি হলে ভালো) নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। এরপর নির্দেশনায় লিখতে হবে—
“ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করুন। ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখুন। ৮০-এর দশকের উপযোগী চুলের স্টাইল, পোশাক ও মেকআপ দিন। পেছনে রাখুন পুরোনো স্টুডিওর আবহ। ছবিতে ৩৫ মিমি ফিল্মের দানা, উষ্ণ রঙ, নরম ফ্ল্যাশ, স্বাভাবিক ছায়া ও বাস্তবসম্মত ত্বকের টেক্সচার যোগ করুন। ছবিটি যেন ভিনটেজ ফিল্টার দেওয়া আধুনিক ছবি না হয়ে সত্যিই ১৯৮০-এর দশকে তোলা একটি ছবি মনে হয়। কোনো লেখা, ওয়াটারমার্ক বা আধুনিক উপাদান রাখবেন না।”
আরও ভালো ফল পেতে সে সময়ের নির্দিষ্ট পোশাক, চুলের ধরন বা ব্যাকগ্রাউন্ডের কথাও উল্লেখ করা যায়। যেমন বাংলাদেশের ৮০-এর দশকের ফ্যাশন, পুরোনো ঢাকার রাস্তা কিংবা সে সময়ের স্টুডিওর পরিবেশ যোগ করলে ছবিতে আসতে পারে আরও স্থানীয় আবহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮০-এর দশকের লুক
বর্তমান এআই টুলগুলোতে শুধু ছবি সম্পাদনা নয়, নির্দিষ্ট সময়ের ফ্যাশন, চুলের ধরন ও আলোকচিত্রের আবহও তৈরি করা যায়। ফলে কয়েকটি নির্দেশনাতেই বর্তমানের একটি ছবি হয়ে উঠতে পারে চার দশক আগের স্মৃতির মতো।
সব মিলিয়ে, ৮০-এর দশকের এই ট্রেন্ড শুধু ছবি বদলের খেলা নয় বরং প্রযুক্তির হাত ধরে পুরোনো সময়কে নতুন করে দেখার এক মজার সুযোগ। যে দশক কারও স্মৃতিতে, আবার কারও জন্মেরও আগে এআই এখন সেই সময়টাকেই ফিরিয়ে আনছে ছবির ফ্রেমে।
সূত্র: স্টার নিউজ