মা, মাটি ও মাতৃভূমিতে তারেক রহমানের প্রত্যাবর্তন – ডা. শাহনাজ চৌধুরী

Share

সুদীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা,মাটি আর দেশের কোলে । শুধু দেশ বললে ভুল হবে তিনি ফিরছেন তার ঘরে তার মায়ের বুকে।

আমি দীর্ঘদিন বিদেশে থেকেছি। দেশ থেকে দুই-তিন বছরের একটা গ্যাপ হলেই বুকের ভিতরটা কেঁপে উঠতো,মনে হয় কিছু হারিয়ে গেছে। আর উনি আসছেন—১৮ বছর পর। তাঁর কষ্ট অশ্রু, ব্যথা, কান্না… একজন সাধারণ মানুষ হিসেবে আমি অনুভব করতে পারি।

প্রবাসে দীর্ঘদিন থাকলে বোঝা যায় নিজের দেশ কতটা মুল্যবান। ওনার জীবনের কতগুলো বছর কেটে গেছে বিদেশের মাটিতে, কিন্তু এই মাটির প্রতি ভালোবাসা, সেই আকর্ষণ কখনও ফিকে হয়নি।

টেলিভিশনে দেখছিলাম, তিনি পুরো পরিবার নিয়ে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করেছেন ।ফুটেজগুলো দেখেই আমার চোখ ভিজে আসে, কী অসম্ভব আবেগঘন মুহূর্ত ।

বেশ কয়েকবার তারেক রহমানকে একদম কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। সম্ভবত তিনি গান পছন্দ করতেন ।আমার ছেলেবেলার সহপাঠী সফিকের বাসায় ব্যান্ড গানের আয়োজন হতো। সেখানে ওনাকে কয়েকবার দেখেছি। তখন উনি প্রায় ২০–২১ বছরের তরুণ, জীবনের উচ্ছ্বাসে ভরা।

এরপর ১/১১ এর সময় আবার দেখেছি পিজি হাসপাতালে। কড়া নিরাপত্তার মধ্যে তিনি এসেছিলেন মেরুদণ্ডের এমআরআই করাতে আমাদের রেডিওলজি বিভাগে । তখন উনি বিদ্ধস্ত মেরুদণ্ডের প্রচণ্ড আঘাতে জর্জরিত ।
ইতিহাস কথা বলে—সব কষ্টেরই একটা শেষ থাকে। রাত শেষে দিন আসে।

কি নির্মম পরিস্থিতিতে তাকে মাতৃভূমি ছেড়ে থাকতে হয়েছে দীর্ঘ এতটা বছর ।আজ সেই দেশে তিনি ফিরছেন। এমন এক সময়ে, যখন পুরো দেশ, দেশের মানুষ তাঁর জন্য অপেক্ষায় রয়েছে ।

নিশ্চয়ই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন করে। পৌঁছে দেবেন দেশকে এক ভিন্ন উচ্চতায়।
এটাই আমাদের মতো অসংখ্য সাধারণ মানুষের প্রত্যাশা।

বাংলাদেশ আপনাকে স্বাগত জানাচ্ছে।