মাঠ আমার শিক্ষালয়, কৃষক আমার শিক্ষাগুরু

Share

ফেসবুক মনে করিয়ে দিলো আজ ২৮ নভেম্বর। আমার কর্মজীবনের এক স্মরণীয় দিন। বিএলআরআই-এর চাকুরি ছেড়ে পিকেএসএফ-এ যোগদানের পর ২০১২ সালের এই দিনে পিকেএসএফ-এর কার্যক্রম সরেজমিনে দেখার জন্য প্রথমবারের মতো এই দিনে মাঠ পরিদর্শনে যাই। আমার প্রথম পরিদর্শনের স্থান ছিল যশোরভিত্তিক জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর কুষ্টিয়ার জেলার ঝাউদিয়া বিফ ক্লাস্টার কর্ম-এলাকা। সেখানে গিয়েছিলাম পিকেএসএফ-এর ইফাদ (IFAD) অর্থায়িত ‘ফেডেক’ (FEDEC) প্রকল্পের আওতায় বাস্তবায়িত গরু মোটাতাজাকরণ মূল্যশৃঙ্খল (Value Chain) উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দেখতে।

সেখানে একজন উদ্যোক্তা দম্পতির সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি সেই সময় প্রচলিত ধান চাষ বাদ দিয়ে ১০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে উচ্চফলনশীল হাইব্রিড নেপিয়ার জাতের ঘাস চাষ ও বিক্রির ব্যবসা শুরু করেছিলেন। তাঁর কাছ থেকেই প্রথম জানতে পারি, ধান চাষের তুলনায় ঘাস চাষ ৩ থেকে ৪ গুণ বেশি লাভজনক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণিসম্পদ বিষয়ে পড়াশোনা এবং বিএলআরআই-এর মতো গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এ বাস্তব জ্ঞান তখন পর্যন্ত আমার ছিল না, সেদিনের সেই অভিজ্ঞতা এখনো আমি নানা কাজে ব‍্যবহার করি।

সেদিনের সেই অভিজ্ঞতা আমাকে উপলব্ধি করতে শিখিয়েছিল, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও জ্ঞানের এক বিশাল ভাণ্ডার রয়েছে আমাদের গ্রামীণ জনপদে। আর সেই জ্ঞানের অন্যতম ধারক ও বাহক হলেন আমাদের কৃষক, খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

সেই থেকে আজ অবধি কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। দেশের ৬২-৬৩ জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছি। অসংখ্য কৃষক, খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তার সঙ্গে মিশেছি। তাঁদের অভিজ্ঞতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও জীবনসংগ্রাম থেকে প্রতিনিয়ত শিখেছি। সেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পিকেএসএফ-এর হয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে এ খাতের সঙ্গে জড়িত মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।

আজ মনে হয়, মাঠই আমার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান, আর কৃষক, খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তারাই আমার অন্যতম শিক্ষাগুরু।

মজনু সরকার
২৮ ডিসেম্বর ২০২৬
ক্ষণিকালয়, ঢাকা