প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: পিএমও

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

Share

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়। চীন সফরের শেষ দিনে এই ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্পসহ সব ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা মনে করছেন।

এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দুই দেশের জাতীয় সংগীত ও বিউগলের করুণ সুরের মধ্যে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এই সফরে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যেও একটি সমঝোতা স্মারক সই হয়। সফরকালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি চীনের বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের।