মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার সাক্ষীদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য তুলে ধরেন। গুমের অভিযোগকে কেন্দ্র করে দেশের বিচারিক ইতিহাসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম কোনো মামলার যুক্তিতর্ক উপস্থাপনের ঘটনা।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, শুনানিতে সামরিক কর্মকর্তাদের দেওয়া জবানবন্দি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। সাক্ষীদের ভাষ্যমতে, জিয়াউল আহসান বিভিন্ন সময় নির্বিচারে দেড় থেকে দুই শতাধিক মানুষকে হত্যা করেছেন। এর মধ্যে সুনির্দিষ্টভাবে ১১৫ জনের বেশি মানুষকে তিনি নিজে সরাসরি হত্যা করেছেন বলে প্রসিকিউশন শনাক্ত করতে পেরেছে। একক কোনো ব্যক্তির হাতে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের নজির আগে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউল আহসানের ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ টেনে মো. আমিনুল ইসলাম জানান, নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সত্ত্বেও তিনি একের পর এক পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন এবং মূল বাহিনীতে না ফিরে দীর্ঘকাল র্যাবে কর্মরত ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি প্রশ্রয়ে তিনি বিরোধী রাজনৈতিক দল দমনে এসব কর্মকাণ্ড চালাতেন। এমনকি তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াও সাক্ষ্যে জানিয়েছেন যে জিয়াউল আহসান তাঁর নিয়ন্ত্রণের বাইরে ছিলেন এবং রাষ্ট্রের ভেতরে একটি সমান্তরাল শক্তি বা ‘ডিপ স্টেট’-এর অংশ হিসেবে কাজ করতেন।
মামলার সাক্ষীদের বিষয়ে চিফ প্রসিকিউটর ব্যাখ্যা দিয়ে বলেন, এসব গোপন অভিযানের প্রত্যক্ষদর্শী হওয়ায় তৎকালীন সেনাপ্রধানসহ জিয়াউল আহসানের কয়েকজন সহযোগী সামরিক কর্মকর্তাকে সাক্ষী করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী প্রকৃত সত্য উদ্ঘাটনের স্বার্থে তাঁদের আসামির বদলে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সাক্ষ্যপ্রমাণে কমান্ডার সোহেল নামের এক সহযোগীর ভূমিকার কথাও উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি উল্লেখ করেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দি অনুযায়ী, কমান্ডার সোহেল অনুগত কয়েকজন সাংবাদিককে নৌযানে করে চরদোয়ানিসহ বিভিন্ন ঘটনাস্থলে নিয়ে যেতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করে তাঁদের শেখানো বুলি অনুযায়ী সংবাদ পরিবেশন করাতেন।
বিচারপ্রক্রিয়া এ পর্যায়ে নিয়ে আসার জন্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. আমিনুল ইসলাম। তিনি জানান, আগামীকাল বুধবারও মামলার যুক্তিতর্ক চলবে। অবশিষ্ট সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন ও আইনি ব্যাখ্যার পর অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হবে।