আগামী অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার, যার তফসিল ঘোষণা করা হবে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে। এই নির্বাচন শুরুর পর পরবর্তী ১০ থেকে ১২ মাসের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
তথ্য-সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করেছে, যেখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য থাকছে আলাদা আলাদা সময়সূচি। চলতি মাসের শেষ নাগাদ এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।
এ ছাড়া আগামী ৫ আগস্টের পূর্বেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা জাহেদ উর রহমান।
উল্লেখ্য, এর আগের দিন এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, অক্টোবরকে লক্ষ্য রেখেই স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রাক্-প্রস্তুতি কমিশনের হাতে রয়েছে।