মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। ঢাকা সফর উভয়ের জন্য সুবিধাজনক সময়ে নতুন করে নির্ধারণ করা হবে।
বিষয়টি নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকজন অপপ্রচার ও অপতথ্য ছড়াচ্ছে, যা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। তারা তাদের পেজে এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতের কারণ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশ সরকারের প্রতি অনাস্থা নয়।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ৭-৮ ডিসেম্বরের ঢাকা সফর স্থগিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেইজ ‘দৈনিক আজকের কণ্ঠ’ এবং আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টদের অনেকেই দাবি করছেন, বিএনপি সরকারের প্রতি আন্তর্জাতিক অনাস্থা এবং ডিসেম্বরে দণ্ডিত পলাতক শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণার কারণেই সফর বাতিল হয়েছে। এই প্রচারণা বিভ্রান্তিকর। কারণ সফর বাতিল নয়, স্থগিত করা হয়েছে এবং একই সঙ্গে স্থগিত হয়েছে তার থাইল্যান্ড সফরও। সমস্যা কেবলমাত্র বাংলাদেশ কেন্দ্রিক হলে থাইল্যান্ড সফর স্থগিত করা হতো না।
২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। ২৮ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সফরটি মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে এবং ঢাকা থেকে তার থাইল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল, সেটিও স্থগিত হয়েছে। ঢাকা সফর উভয়ের জন্য সুবিধাজনক সময়ে নতুন করে নির্ধারণ করা হবে।
স্থগিতের কারণ হিসেবে যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কথা বলা হচ্ছে, তার প্রমাণ মালয়েশিয়ার নিজস্ব গণমাধ্যমেই স্পষ্ট। ১০ নভেম্বর কুয়ালালামপুর হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বাকি সাজা গৃহবন্দী অবস্থায় কাটানোর আদেশ দেয়। এর প্রতিবাদে আনোয়ারের জোটের শরিক ডিএপির মহাসচিব ও পরিবহনমন্ত্রী অ্যান্থনি লক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন। আনোয়ার এখনো সেই পদত্যাগ গ্রহণ করেননি; বরং ২৮ নভেম্বর, যেদিন সফর স্থগিতের খবর আসে, সেদিনই তিনি লককে দ্রুত মন্ত্রণালয়ে ফিরে আসার আহ্বান জানান, আর লক মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
একই সময়ে উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি আগাম জাতীয় নির্বাচনের দাবি তুলেছেন। ১৪ নভেম্বরের মালাকা রাজ্য নির্বাচনে আনোয়ারের পাকাতান হারপান ২৮ আসনের মধ্যে মাত্র চারটিতে জিতেছে, যা এ বছর জোটটির টানা তৃতীয় আঞ্চলিক পরাজয়। নিক্কেই এশিয়া লিখেছে, এই পরাজয়ের পর আনোয়ারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাপ বাড়ছে। ২৮ নভেম্বর কুয়ালালামপুরে নাজিবের গৃহবন্দীর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী মিছিলও হয়েছে।
উল্লেখ্য, এ বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরই ছিল আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায়।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে। এসব কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকজন সম্পৃক্ত যা প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে।
বাসস