বিশ্ব পরিবেশ দিবসে এসপিডিএস-এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ে ২০০ গাছের চারা বিতরণ

Share

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)-এর উদ্যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রায় ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক,ঠাকুরগাও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সহ-সাধারন সম্পাদক নবীন হাসান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার।

চারা বিতরণ শেষে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

SPDS-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি চলতি বছর ৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে এক হাজার পাঁচশত গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।