কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মাথা ও পা-বিহীন একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসে লাশটি, যার পরিচয় আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্তও শনাক্ত করা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতের জোয়ারে ভেসে আসা এই অর্ধগলিত লাশের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।
ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন থানার এসআই মো. সরোয়ার। তিনি জানান, মাথা ও পা না থাকায় মরদেহটি নারী নাকি পুরুষের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ সময় সমুদ্রের পানিতে ভাসমান থাকার কারণে লাশে ইতিমধ্যে পচন ধরেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকতেও জোয়ারের পানিতে ভেসে আসা পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশের প্রাথমিক ধারণা, নিহতরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা এবং সাগরে নৌযান ডুবে তাঁদের মৃত্যু হয়েছে।