ছবি : সংগৃহীত

শাহজালাল মাজারের দানবাক্সে দ্বিতীয়বার মিলল ৪৭ লাখ টাকা

Share

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে দ্বিতীয়বারের মতো টাকা গণনা করা হয়েছে। মাত্র ১৯ দিনের ব্যবধানে অনুষ্ঠিত এই গণনায় পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মাজার প্রাঙ্গণে শুরু হওয়া এই গণনা কার্যক্রম দিনভর চলার পর সন্ধ্যায় ফলাফল নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই এই গণনা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় সাতশ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাজারের দানের অর্থ গণনা করা হলো এবার।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসা শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপস্থিতিতে পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ায় দানবাক্সের টাকা গণনা করা হয়েছে। গণনা শেষে প্রাপ্ত পুরো অর্থ নির্ধারিত সোনালী ব্যাংক হিসাবে জমা রাখা হবে বলে জানান তিনি।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো মাজারের দানবাক্স ও দানের ঐতিহ্যবাহী ডেগে জমে থাকা অর্থ প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সেবার মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত জুন মাসে চারটি নতুন দানবাক্স স্থাপন করা হয়, পাশাপাশি পুরোনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করে দেওয়া হয়। আর্থিক কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে পরবর্তী সময়ে ১১ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যা মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর একটি কাঠামো তৈরির সুপারিশ প্রণয়ন করবে।