ছবি : সংগৃহীত

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ডাক্তার-ডেন্টিস্টদের জন্য আবেদনের সুযোগ ৮ আগস্ট পর্যন্ত

Share

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদমর্যাদায় ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের আওতায় এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৮ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।

যোগ্যতার শর্তাবলি

এই বিজ্ঞপ্তিতে দুটি বিভাগে আবেদনের সুযোগ রয়েছে। আর্মি মেডিক্যাল কোরে আবেদনের জন্য সরকার স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক, আর আর্মি ডেন্টাল কোরে আবেদনের জন্য প্রয়োজন সরকার স্বীকৃত ডেন্টাল কলেজের বিডিএস ডিগ্রি। উভয় বিভাগের প্রার্থীদেরই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) যোগদানের পূর্বে ইন্টার্নশিপ সম্পন্নের সনদ জমা দিতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৫৭ কেজি থাকতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট এবং ওজন ৪৮ কেজি নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে থাকতে হবে।

বৈবাহিক অবস্থা ও অযোগ্যতার শর্ত

পুরুষ প্রার্থীদের সাধারণত অবিবাহিত হওয়া বাধ্যতামূলক হলেও ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে বয়স ২৬ বছরের বেশি হলে বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত—উভয় অবস্থাতেই আবেদন করা যাবে।

তবে আগে সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন না। এ ছাড়া আন্তবাহিনী নির্বাচন বোর্ড (আইএসএসবি) থেকে দুবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ডপ্রাপ্তরাও সাধারণত আবেদন করতে পারবেন না, যদিও একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ডপ্রাপ্তরা এবং পাঁচ বছরের বেশি আগে দুবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ডপ্রাপ্তরা আবেদনের সুযোগ পাবেন। দ্বৈত নাগরিকত্ব থাকা বা বাংলাদেশের বাইরে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্তরাও আবেদনের জন্য অযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ আরও ১ হাজার টাকাসহ মোট ২ হাজার টাকা জমা দিতে হবে প্রার্থীদের। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি) থেকে পাসকৃত প্রার্থীদের এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের আগে সাঁতার শিখে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কোর্স সফলভাবে সম্পন্নের পর সশস্ত্র বাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।