টিভি টকশো ছাড়লেন গোলাম মাওলা রনি, কথা বলবেন শুধু নিজের ইউটিউব চ্যানেলে

Share

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি এখন থেকে আর কোনো টেলিভিশন টকশোতে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।”

গোলাম মাওলা রনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে বিএনপিতে যোগ দেন।

সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা রনি একজন আলোচিত কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিত।

দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে সরব উপস্থিতির জন্য পরিচিত এই রাজনীতিবিদ হঠাৎ টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ‘অনিবার্য কারণ’ উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানাননি। তবে জানিয়েছেন, ভবিষ্যতে তার বক্তব্য কেবল নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই প্রকাশ পাবে।