বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একইসঙ্গে বন্যার সময় বিদেশে সরকারি সফরে থাকার কথা উল্লেখ করে, এলাকায় আসতে না পারার জন্য এলাকাবাসীর কাছে আঞ্চলিক ভাষায় দুঃখপ্রকাশ করেন।
তিনি বলেছেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।’
শুক্রবার (১৭ জুলাই) বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।’
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জান সিদ্দিকী, বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকসার আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশপ্রধানদের পঞ্চম সম্মেলনে (ইউএনকপস ২০২৬) যোগ দিতে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গত ১২ জুলাই সকালে দেশে পৌঁছান তিনি।
মন্ত্রী যখন বিদেশ সফরে ছিলেন তখন চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। মানুষের কষ্টের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। গত মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় অভিযোগ করে এনসিপি নেতা বলেছেন, চট্টগ্রামে বন্যাকবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশে ভ্রমণে রয়েছেন।
তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন