সৈয়দ মো. হোসেন ওরফে হোসেন। ছবিঃ সংগৃহীত

একাত্তরের গণহত্যায় জড়িত থাকার অভিযোগ, ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হোসেন

Share

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রকাশিত ওয়ান্টেড ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সৈয়দ মো. হোসেন, যিনি হোসেন নামেও পরিচিত।

ইন্টারপোলের তথ্যানুযায়ী, ১৯৫১ সালের ১৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছিহাতা গ্রামে জন্ম নেওয়া এই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং তার চেহারায় দাড়ি থাকার কথা তালিকায় উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির প্রকাশিত অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সৈয়দ মো. হোসেন নিরস্ত্র সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সমর্থকদের বিরুদ্ধে একাধিক নৃশংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনায় তার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে অভিযোগে।

তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার নিকলী ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় সংঘটিত অন্তত ছয়টি পৃথক ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে ইন্টারপোলের নথিতে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি ও তার সহযোগীরা মিলে ৬৮ জন নিরীহ ও নিরস্ত্র মানুষকে হত্যা করেন এবং ২৫০টিরও বেশি বাড়িঘর লুট করে আগুনে পুড়িয়ে দেন। মুক্তিযুদ্ধের সমর্থক ও কর্মীদের ওপরও ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় নাম থাকা মানেই কোনো ব্যক্তির অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়া নয়। এটি মূলত সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রের অনুরোধে আন্তর্জাতিকভাবে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত ও খুঁজে বের করার উদ্দেশ্যে জারি করা একটি নোটিশ মাত্র। অভিযোগের চূড়ান্ত ফয়সালা সংশ্লিষ্ট দেশের আদালতের মাধ্যমেই নির্ধারিত হয়।