ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে হারের পর বুয়েনস এইরেসে পুলিশ-সমর্থক সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

Share

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক ও পুলিশ সদস্য। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ের বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতে স্পেন।

ম্যাচটি উপভোগ করতে বুয়েনস এইরেসের বিভিন্ন সড়কে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। খেলা শেষে হারের হতাশা থেকে অনেকের ক্ষোভ সহিংস রূপ নেয়।

স্থানীয় সময় রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৬৭ দশমিক ৫ মিটার উচ্চতার জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সমর্থক নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর উত্তেজিত জনতার একাংশ পুলিশের দিকে কাচের বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও রাবার বুলেট প্রয়োগ করে।

প্রায় ২০ মিনিট স্থায়ী এই সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। আহত হন কয়েকজন সমর্থকও, যাদের মধ্যে একজন উচ্ছৃঙ্খল সমর্থকের লাথিতে মুখে গুরুতর আঘাত পান। এ ছাড়া আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ইনফোবায়ের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষের জেরে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।