জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য নির্দেশ দিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে পৌঁছে গেছে দিল্লি পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
অভিযোগ করা নির্বাচনী অনিয়মের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ জনগণ ও সমর্থকদের শুক্রবার (১৬ অক্টোবর) সেন্ট্রাল পার্কে একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির এই পদযাত্রার পেছনে আরেকটি কারণ হলো- সংগঠনটির সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার গ্রেফতার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক যন্তর মন্তরকে আন্দোলনের স্থান হিসেবে বাতিল ঘোষণা করার পরদিন তারা জাতীয় পতাকা হাতে সেখানে প্রবেশ করলে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) জানিয়েছে, ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার এবং শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে দিল্লি পুলিশ জানায়, কোনও উপযুক্ত স্থানে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সুবিধা দেওয়া যেতে পারে।
একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে একটি ছোট জাতীয় পতাকা জড়িয়ে সোফায় বসে থাকা ৩১ বছর বয়সী দিপকে তার সামনে থাকা পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে প্রশ্ন করছেন, ‘আমার ওপর এটি আপনারা কী ধরনের অভিযোগ তুললেন?’
কাচের টেবিলের ওপর রাখা বেশ কিছু কাগজপত্রের বিষয়বস্তু পরীক্ষা করে এবং সেখান থেকে কিছু অংশ পড়ে শুনিয়ে পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হতে দেখা যায় দিপকেকে।
তাকে দেওয়া নোটিশে দাবি করা একটি অংশ পড়ে শোনান দীপকে, যেখানে লেখা ছিল- ‘আপনি (দিপকে) সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণকে উসকানি দিয়ে আসছেন যা বেআইনি’।
মহাত্মা গান্ধীর ছবি ছাপানো সাদা টি-শার্ট এবং নীল জিন্স পরা দিপকে তার সামনে বসে থাকা পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কী তামাশা শুরু করেছেন? এটি কী ধরনের নোটিশ, একে কি নোটিশ বলে? আপনাদের যা মনে আসছে আপনারা তা-ই লিখে যাচ্ছেন’।
পুলিশকে চ্যালেঞ্জ করে দিপকে বলতে থাকেন, ‘আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এসব কী ধরনের তামাশা?’ তিনি এমন একটি ভিডিও প্রমাণ হিসেবে দেখাতে পুলিশকে চ্যালেঞ্জ জানান, যেখানে তাকে সহিংসতায় উসকানি দিতে দেখা গেছে।
নিজের ঘরে পুলিশ যখন তাকে ভিডিও করছিলো, তখন তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা এমন একটা ভিডিও-ও দেখাতে পারবেন না’।
সূত্র: বাংলা ট্রিবিউন