যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে পর্যটক আকর্ষণ স্পেস নিডল টাওয়ারের কাছে গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
স্থানীয় সময় রোববার এই গুলির ঘটনা ঘটে বলে জানায় সিয়াটল পুলিশ, যা প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রয়েছে দুই বছর বয়সী একটি শিশু, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আহত আরেকজন সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না গিয়েই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের বিস্তারিত ধরন নিয়ে আর কোনো তথ্য দেয়নি স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। হামলাকারীদের আটক করা হয়েছে কি না, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে ঘটনার বিষয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে।