যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন। সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবেন সার্জিও গর।
কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফর এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটন থেকে ঢাকায় আসা তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হচ্ছেন সার্জিও গর। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ পৃথকভাবে বাংলাদেশ সফর করে গেছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফর, একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের আঞ্চলিক কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আগ্রহ তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটতে পারে গরের এই সফরেও। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা এ সফরে গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরতে পারেন তিনি।
২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী ও রাজনীতিবিদ সার্জিও গরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ বছরের জানুয়ারি থেকে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দিল্লিকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে ভারতসহ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্বে রয়েছেন সার্জিও গর। বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে নেপাল ও শ্রীলঙ্কা সফর করেছেন তিনি, যা যুক্তরাষ্ট্রের ওই আঞ্চলিক কূটনৈতিক কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।