নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের উর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বরখাস্ত হতে যাওয়া বাকি তিন কর্মকর্তা হলেন সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন। সূত্র জানায়, কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরিচ্যুতির গুরুদণ্ড আরোপের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, প্রজ্ঞাপন জারির মাধ্যমে যা বাস্তবায়ন হবে।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পাঁচজনের মধ্যে বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন, আর গোলাম রুহানী সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ইকবাল হোসাইন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অবস্থায় সাময়িক বরখাস্ত আছেন। রাজন কুমার দাসও সাময়িক বরখাস্ত হয়ে পলাতক রয়েছেন।
এই পাঁচজনের মধ্যে ইকবাল হোসাইন সবচেয়ে বেশি আলোচিত—২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ মন্তব্য করা তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলাও চলমান রয়েছে।