ঢাকা শহরে ব্যাটারিচালিত ও যন্ত্রচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। অনুমোদনহীনভাবে যত্রতত্র ব্যাটারি রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (এআই সিগন্যাল) ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেয়া হবে, সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেয়া হবে এবং সেসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দেবে এবং নির্ধারিত কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি বিষয় যাচাইয়ের পরই উৎপাদনের সুযোগ দেয়া হবে।
ব্যাটারিচালিত রিকশাকে ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। এ জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে রূপান্তরের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি সৌরশক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপ কমবে এবং এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না মন্তব্য করে তিনি বলেন, নগরবাসীকেও সচেতন হতে হবে এবং সরকারকে সময় দিলে ধীরে ধীরে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, এদিন শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে আরও ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ধরনের সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।