নদীতে একটি লাশ, শহরজুড়ে হাজারটি গল্প এবং আমাদের বিশ্বাসের সংকট

Share

তাহসিফ সাউরির মৃত্যু কোনো আকস্মিক ঘটনা ছিল না। পরিকল্পনাটি হয়েছিল আরও কয়েক মাস আগে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর একটি বিশেষ দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। কারণ, বিমানবাহিনীর চাকরি ছাড়ার আগে তাহসিফ এমন কিছু গোপন তথ্য জেনে গিয়েছিলেন, যা প্রকাশ পেলে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত অনেকের অস্বস্তির কারণ হতে পারত।

কিন্তু সরাসরি তাকে হত্যা করলে সন্দেহ তৈরি হবে। তাই বেছে নেওয়া হলো ভিন্ন কৌশল।

তাহসিফের কাছের একজন মানুষকে ব্যবহার করা হলো। তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরো ঘটনাটি ধরা পড়বে না। পরিকল্পনা অনুযায়ী, তাকে নদীর কাছে নেওয়া হলো। সেখানে অপেক্ষায় ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন অপারেটিভ।

অপারেশন শেষ করতে খুব বেশি সময় লাগেনি।

মরদেহ ফেলে দেওয়া হলো তুরাগ নদে। এমনভাবে সবকিছু সাজানো হলো, যাতে তদন্তের সন্দেহ ঘুরপাক খায় ব্যক্তিগত বিরোধ, বন্ধুত্ব এবং রহস্যজনক কিছু গতিবিধির মধ্যে।

পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তদন্তকে বিভ্রান্ত করা। সিসিটিভিতে কিছু দৃশ্য থাকবে, কিছু থাকবে না। সন্দেহভাজনের বক্তব্যে অসংগতি থাকবে। আর মানুষের সামনে আসবে এমন কিছু বিচ্ছিন্ন তথ্য, যেগুলো নিয়ে মাসের পর মাস বিতর্ক করা সম্ভব।

অপারেশন সফল।

তাহসিফ মারা গেছেন। কিন্তু হত্যাকারীদের পরিচয় আড়ালেই রয়ে গেছে।

এবার একটি কথা বলি।

ওপরের পুরো গল্পটি আমার বানানো। কোনো গোয়েন্দা সূত্র নেই, গোপন নথি নেই, প্রত্যক্ষদর্শী নেই, এমনকি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সম্পৃক্ততার পক্ষে একটি প্রমাণও আমি হাজির করিনি।

অথচ গল্পটি পড়ে অনেকের মনে হতে পারে, এটাই তো ঘটেছে!

কারণ, সত্য প্রমাণ করার চেয়ে একটি বিশ্বাসযোগ্য ষড়যন্ত্রের গল্প তৈরি করা অনেক সহজ। বিশেষ করে মানুষের মনে যখন আগে থেকেই সেই ষড়যন্ত্র সম্পর্কে একটি বিশ্বাস থাকে।

এইখানেই সমস্যাটা। আমরা অনেক সময় তথ্যপ্রমাণ থেকে সিদ্ধান্তে পৌঁছাই না; বরং আগে সিদ্ধান্ত নিয়ে পরে তার সঙ্গে মিলিয়ে তথ্য খুঁজতে থাকি।

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাটি নিয়ে গত কয়েক দিনে যে আলোচনা চলছে, তা আমাকে এই কাল্পনিক গল্পটি লিখতে উদ্বুদ্ধ করেছে।

গত ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ অক্টোবর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তে সিসিটিভি ফুটেজ, মোটরসাইকেল এবং দীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তখনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।

এটি নিঃসন্দেহে একটি তদন্তযোগ্য অস্বাভাবিক মৃত্যু। পরিবারের সন্দেহ এবং উদ্বেগও স্বাভাবিক। ঘটনার প্রতিটি অসংগতি খতিয়ে দেখা জরুরি। কিন্তু এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। কারও বিশ্বাস, তাহসিফকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ হত্যা করেছে। কারও ধারণা, এর পেছনে রয়েছে রাষ্ট্রের ভেতরকার কোনো অদৃশ্য শক্তি, যাকে বলা হচ্ছে ‘ডিপ স্টেট’। আবার কেউ বন্ধুর সম্পৃক্ততাকেই ঘটনার একমাত্র ব্যাখ্যা হিসেবে ধরে নিচ্ছেন।

তাহসিফের অতীত পরিচয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের বিষয়ে তার নাম আলোচনায় আসার কারণে ঘটনাটি রাজনৈতিক তাৎপর্যও পেয়েছে। তবে ভিডিওটি ঘিরে প্রচারিত অভিযোগ ও তার চাকরি ছাড়ার কারণ সম্পর্কে আগেও পরস্পরবিরোধী বক্তব্য প্রকাশিত হয়েছে।

এখানে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মানুষকে কেন হত্যা করা হয়ে থাকতে পারে, সেই সম্ভাব্য ব্যাখ্যা আর কে, কীভাবে, কোথায় তাকে হত্যা করেছে, সেই ঘটনার প্রমাণ এক নয়।

আরেকটি প্রশ্নও আছে। তাহসিফকে হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে? হত্যা মামলা হয়েছে বলেই প্রথম প্রশ্নটির নিষ্পত্তি হয়ে যায় না। ধরা যাক, তদন্তে এমন একজন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেল, যার সঙ্গে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা বা রাজনৈতিক শক্তির সম্পর্ক নেই। ফরেনসিক আলামত, ডিজিটাল তথ্য, প্রত্যক্ষ ও পারিপার্শ্বিক সাক্ষ্য মিলিয়ে ঘটনার একটি সুসংগত চিত্র পাওয়া গেল। পরবর্তী সময়ে আদালতেও অভিযোগ প্রমাণিত হলো।

তাতে কি সবাই বিশ্বাস করবেন?

আমার ধারণা, করবেন না।

একদল বলবেন, আসল অপরাধীদের আড়াল করার জন্য অন্য কাউকে সামনে আনা হয়েছে। আরেকদল বলবেন, আরও বড় কোনো ষড়যন্ত্র ধামাচাপা দেওয়া হয়েছে।

এমনকি যদি কোনো বিদেশি সংস্থার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তখনো বিপরীত রাজনৈতিক বিশ্বাসের মানুষ সেই প্রমাণ অস্বীকার করতে পারেন।

কারণ আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই একটি ঘটনার সত্যতা বিচার করা হয় নিজের পূর্বনির্ধারিত রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সেটি কতটা মেলে, তার ভিত্তিতে।

মানুষ প্রথমে একটি সিদ্ধান্তে পৌঁছান। তারপর সেই সিদ্ধান্তের পক্ষে প্রমাণ খুঁজতে শুরু করেন। বিপরীত প্রমাণ সামনে এলে তা প্রত্যাখ্যান করেন কিংবা নতুন কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যাখ্যা করেন।

মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় Confirmation Bias বা নিশ্চিতকরণ পক্ষপাত।

অবশ্য তদন্তকারী সংস্থা ভুল করতে পারে। তদন্তে গাফিলতি, প্রভাব বিস্তার, আলামত গোপন কিংবা মিথ্যা সাক্ষ্য তৈরির ঘটনাও ঘটতে পারে। ফলে সরকারি ব্যাখ্যাই চূড়ান্ত সত্য, এমন ধরে নেওয়ার কারণ নেই।

কিন্তু তদন্তের বিরুদ্ধে অবিশ্বাসেরও যুক্তি ও প্রমাণ প্রয়োজন।

শুধু ‘আমি বিশ্বাস করি না’ বললে কোনো তদন্ত ভুল প্রমাণিত হয় না। একইভাবে তদন্তকারী সংস্থা ‘আমরা খুনিকে পেয়েছি’ বললেই অপরাধ প্রমাণিত হয় না।

অপরাধের রহস্য উন্মোচন কীভাবে হয়?

আমি দীর্ঘদিন অপরাধ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, একটি ঘটনার জনপরিসরের বয়ান এবং তদন্তে পাওয়া বাস্তব তথ্যের মধ্যে অনেক সময় বিস্তর পার্থক্য থাকে।

একটি হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে ঘটনাস্থলের আলামত, ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা, সিসিটিভির পূর্ণাঙ্গ ও ধারাবাহিক ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান ও গতিবিধি, সাক্ষীদের বক্তব্য এবং এসব তথ্যের পারস্পরিক মিল।

একটি সিসিটিভি ফুটেজে দুজন মানুষকে একসঙ্গে দেখা যাওয়ার অর্থ এই নয় যে একজন অন্যজনকে হত্যা করেছেন।

আবার কোনো সন্দেহভাজন ব্যক্তি অসংগত বক্তব্য দিলেও শুধু সেই অসংগতির ভিত্তিতে তাকে খুনি বলা যায় না।

কেউ যদি হত্যার কথা স্বীকারও করেন, সেই বক্তব্যের সত্যতা স্বাধীন আলামতের মাধ্যমে যাচাই করতে হয়।বক্তব্যটি কীভাবে নেওয়া হয়েছে এবং আইনত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

একইভাবে একটি মরদেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন না পাওয়া মানেই হত্যা হয়নি, এমন সিদ্ধান্তেও পৌঁছানো যায় না।

সব প্রমাণ পরীক্ষা করে মৃত্যুর কারণ ও ঘটনার ধারাবাহিকতা নির্ধারণ করতে হয়। তারপর সংশ্লিষ্ট ব্যক্তির দায় প্রমাণের প্রশ্ন আসে।

অপরাধ তদন্তের কাজ কোনো জনপ্রিয় তত্ত্বকে সত্য প্রমাণ করা নয়। তদন্তের কাজ হলো, প্রমাণ যেখানে নিয়ে যায়, সেখানে পৌঁছানো।

এই জায়গাতেই সামাজিক যোগাযোগমাধ্যমের জনমত ও অপরাধ তদন্তের মধ্যে মৌলিক পার্থক্য।

একটি গল্প বিশ্বাস করতে মানুষের আবেগই যথেষ্ট হতে পারে। কিন্তু আদালতে অপরাধ প্রমাণ করতে হয় আইনসম্মত ও নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে। হাজার মানুষ কাউকে খুনি বললেও তিনি আইনের চোখে অপরাধী হয়ে যান না। আবার হাজার মানুষ একজন প্রকৃত অপরাধীকে নির্দোষ মনে করলেও সেই বিশ্বাস তার অপরাধ মুছে দেয় না।

অবশ্য আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে নিশ্চিত অপরাধী বলার সুযোগ নেই।

বিশ্বাসের সঙ্গে সত্যের সম্পর্ক কোথায়?

আমাদের সমাজে একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে তার একটি চূড়ান্ত ব্যাখ্যা দাঁড় করিয়ে দেওয়া হয়।

প্রমাণ আসার আগেই অপরাধী নির্ধারণ করা হয়। তারপর শুরু হয় সেই ব্যাখ্যার পক্ষে প্রচারণা।

এতে দুটি সমস্যা তৈরি হয়।

প্রথমত, প্রকৃত তদন্তের গুরুত্বপূর্ণ তথ্যগুলো অসংখ্য অনুমান ও গুজবের নিচে চাপা পড়ে যেতে পারে।

দ্বিতীয়ত, প্রকৃত অপরাধী শনাক্ত হওয়ার পরও তার বিরুদ্ধে সংগৃহীত বৈধ প্রমাণ জনপরিসরে গ্রহণযোগ্যতা হারাতে পারে।

তাহসিফ সাউরির ঘটনাতেও এই আশঙ্কা রয়েছে।

তদন্তকারী সংস্থার দায়িত্ব এখানে অনেক বেশি। তাদের শুধু রহস্য উদ্‌ঘাটন করলেই চলবে না; কীভাবে কোন সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে, তার যাচাইযোগ্য ব্যাখ্যাও দিতে হবে। তদন্তে স্বচ্ছতা, স্বাধীন যাচাই এবং আদালতের বিচারিক পরীক্ষা অত্যন্ত জরুরি।

কারণ জনমতের অনুমোদন অপরাধ প্রমাণের শর্ত নয়। কিন্তু তদন্তের প্রতি মানুষের আস্থা অর্জনের জন্য জবাবদিহি প্রয়োজন।

তাহসিফের মৃত্যুর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকলে তার প্রমাণ সামনে আসুক। রাষ্ট্রের কোনো গোপন শক্তির সংশ্লিষ্টতা থাকলেও তা উদ্‌ঘাটিত হোক। ব্যক্তিগত বিরোধ, অপরাধচক্র কিংবা অন্য কোনো ঘটনা জড়িত থাকলেও তা প্রতিষ্ঠিত হোক। আর যদি তদন্তে প্রমাণিত হয়, হত্যাকাণ্ডই ঘটেনি, তাহলে সেটিও গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।

কোনো সম্ভাবনাকে রাজনৈতিক সুবিধার জন্য আগেভাগে সত্য ঘোষণা করা যেমন অনুচিত, তেমনি প্রমাণ ছাড়াই কোনো সম্ভাবনাকে তদন্তের বাইরে রাখাও অনুচিত।

শেষ পর্যন্ত তাহসিফের মৃত্যুর সত্যতা নির্ধারিত হবে তথ্য, আলামত, বিজ্ঞানসম্মত পরীক্ষা এবং আইনসম্মত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।

মানুষ সেই সত্য বিশ্বাস করবেন কি করবেন না, সেটি আলাদা প্রশ্ন।

একজন মানুষ মারা গেছেন। তার পরিবার জানতে চায়, কীভাবে তার মৃত্যু হলো। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি কাজ।

তাহসিফের মৃত্যু নিয়ে আমরা যে যার পছন্দমতো গল্প তৈরি করতে পারি। সেই গল্পে গুপ্তচর থাকতে পারে, অদৃশ্য রাষ্ট্র থাকতে পারে, বিশ্বাসঘাতক বন্ধু কিংবা গভীর ষড়যন্ত্রও থাকতে পারে।

কিন্তু বাস্তব পৃথিবীতে একজন মানুষের মৃত্যু ঘটেছে একটি নির্দিষ্ট কারণে, একটি নির্দিষ্ট ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে। সেই ঘটনাপ্রবাহ মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে বদলে যাবে না।

সত্যের পক্ষে জনমত থাকতে পারে, বিপক্ষেও থাকতে পারে। কিন্তু সত্য নির্ধারণের জন্য গণভোটের প্রয়োজন হয় না।

লিখেছেন:
নুরুজ্জামান লাবু
সাউথ রিচমন্ডহিল
নিউ ইয়র্ক, ইউএসএ
৩১ অক্টোবর, ২০২৬