জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আমাদের বিকৃত ইতিহাস চর্চা

Share

সিপাহি জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর। আজ থেকে মাত্র ৫১ বছর আগের কথা। ইতিহাসের পথরেখা বিজয়ীদের দ্বারা আঁকা হয় এটা সত্যি-তাই বলে নির্মোহ সত্য কি কখনো চাঁপা থাকে? থাকে না। কোনো না কোনো পথপরিক্রমায় সেটা অবশ্যই উদঘাটিত হয় জনসম্মুখে। তাই ৭ নভেম্বরের সাংগঠনিক উত্তরাধিকারের প্রশ্ন নতুন প্রজন্মের কাছে এক বিশ্ময়কর জিজ্ঞাসা!

বাংলাদেশ জাসদ এ দিনটিকে সিপাহি জনতার অভ্যুত্থান দিবস নামে পালন করে। আবার ৭ নভেম্বরের সিপাহি জনতার অভ্যুত্থানে যেহেতু আওয়ামী লীগের নেতা খালেদ মোশাররফকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই জন্য তারা (আওয়ামী লীগ) মনে করে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।

অপর দিকে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে পালন করে এবং দিবসটির সুফল ভোগ করে। তখনও বিএনপি নামের সংগঠনটির জন্ম না হলেও এই সংগঠনের প্রতিষ্ঠাতাই ছিলেন সে দিনের মহানায়ক। যিনি পরবর্তি পর্যায়ে সমস্ত কুট-কৌশল সামাল দিয়ে বাংলাদেশকে আলোর পথে এনেছিলেন। বাংলাদেশ সত্যিকার অর্থেই মাথা উঁচুকরে ঘুরে দ্বাঁড়িয়েছিল।

৭ নভেম্বরের সিপাহি জনতার অভ্যুত্থানকে সঠিক ভাবে বুঝতে হলে ১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা দরকার। এ বিষয়েও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। আমাদের প্রিয় এই মাতৃভূমি কতোকিছুর যে নিরব সাক্ষি তা অনুধাবন করতে পারা সত্যিই কঠিন! ক্ষমতাবানরা তাদের ইচ্ছের প্রতিফলন এমনভাবে ঘটান যেটাকে ইতিহাস তার বুকে বেশিদিন ধারণ করে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ইতিহাস বিকৃতির ঘটনা সবচেয়ে বেশী ঘটেছে। তারা অস্বীকার করলেই কি ইতিহাস বদলে যাবে? যাবে না। আবার কোনো দল স্বীকার করলেই ইতিহাস সেটা ধারণ করবে? করবে না। ইতিহাস আমাদের নিজেদের সৃষ্টি, বিষয়টা এমন নয়। ব্যতিক্রমি কিছু সৃষ্টি হয়েছিল বলেই সেটা ইতিহাস।

১৯৭৫ সালের ৭ নভেম্বর আদতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দিন হিসেবে ইতিহাসে শ্মরণীয় হয়ে আছে। থাকবে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত “স্বাধীনতা” মাত্র চার বছরের মধ্যেই এমনভাবে বিপর্যস্ত হতে চলেছিল মানুষ আওয়ামী লীগ এবং শেখ মুজিবের নেতৃত্বের প্রতি আস্তা ধরে রাখতে পারছিল না। বিশেষ করে একদলীয় বাকশাল গঠন এবং সার্বভৌমত্বের ভীতি জেঁকে বসেছিল সচেতন নাগরিকদের মধ্যে, সেনাবাহিনির বেশকিছু অফিসার ছিলেন সেই তালিকার শীর্ষে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে ১৫ আগস্ট এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে একদলীয় বাকশাল সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।

শেখ মুজিবের মৃত্যুর পর তার বিশ্বস্ত সহকর্মী ও মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হয়েছিলেন। পরে মুজিবের মন্ত্রীদের নিয়েই খন্দকার মোশতাক সরকার গঠন করেছিলেন। এসবই আমাদের জানা। অজানা অধ্যায়ও আছে পর্দার আড়ালে! কথিত আছে সেই সময়ের অবিসংবাদিত নেতা শেখ মুজিবকে হত্যা ষড়যন্ত্রের প্রেক্ষাপট এবং দেশে সীমাহীন অরাজকতা তৈরীর মাস্টারমাইন্ড ছিল অদৃশ্য প্রভাবিত সেনাবাহিনির কিছু সদস্য আর মুজিবের প্রিয় কিছু মানুষ।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং এর পরবর্তী রাজনৈতিক ও সামরিক ঘটনাপ্রবাহে অন্যতম প্রধান অনুঘটক ছিলেন বিতর্কিত কর্নেল আবু তাহের (অব.)। তাঁর রাজনৈতিক দর্শন এবং বিপ্লবী উদ্যোগ ছাড়া ৭ নভেম্বরের ঘটনাক্রম হয়তো ভিন্ন রূপ নিতে পারত। তবে এটা তো সত্য তাহেরের উদ্দেশ্য খুব মসৃণ ছিল এমন নয়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর বিক্রম এবং ১১ নম্বর সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিশ্বাস করতেন, বাংলাদেশে প্রথাগত ঔপনিবেশিক ধাঁচের সেনাবাহিনীর পরিবর্তে একটি “উৎপাদনশীল এবং শোষিত শ্রেণীর প্রতিনিধিত্বকারী পিপলস আর্মি” বা গণফৌজ গঠন করা প্রয়োজন। সেনাবাহিনী থেকে পদত্যাগ বা অব্যাহতি নেওয়ার পর তিনি বামপন্থী রাজনৈতিক দল “জাতীয় সমাজতান্ত্রিক দল” (জাসদ)-এর সশস্ত্র উইং “গণবাহিনী”র কমান্ডার-ইন-চীফ হিসেবে দায়িত্ব নেন। তিনি গোপনে সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের সংগঠিত করে “বিপ্লবী সৈনিক সংস্থা” গড়ে তোলেন। এই সংস্থাই ছিল ৭ নভেম্বরের সিপাহি বিদ্রোহের মূল চালিকাশক্তি।

৭ নভেম্বরের ঘটনায় যাবার আগে আমাদেরকে অবশ্যই ৩ নভেম্বরে কি ঘটেছিল তা জানতে হবে। ৩ নভেম্বর ১৯৭৫। বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক এক দিন। এই দিনে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ-এর নেতৃত্বে শামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। উদ্দেশ্য ছিল সেনা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং খন্দকার মোশতাক আহমেদের সরকার উৎখাত করা। অভ্যুত্থানে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের পতন ঘটে এবং বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। খালেদ মোশাররফ সেনাপ্রধান হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। একই দিন ভোরে (৩ নভেম্বর ভোররাতে) ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বাংলাদেশের চার জাতীয় নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। তাঁরা হলেন-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান।

৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের পর জাসদ এবং কর্নেল তাহের এটিকে ভারতের মদদপুষ্ট একটি অভ্যুত্থান হিসেবে প্রচার করেন এবং সাধারণ সৈনিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করতে সক্ষম হন।

৬ নভেম্বর দিবাগত রাতে (৭ নভেম্বর ভোরে) তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা ঢাকা সেনানিবাসে সিপাহি বিদ্রোহের সূচনা করে। সিপাহিরা সেনানিবাসে অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং কর্নেল তাহেরের নির্দেশে তাদের ১২ দফা দাবি উত্থাপন করে। এই দাবিগুলোর মধ্যে ছিল-ব্রিটিশ আমলের ঔপনিবেশিক সামরিক আইন বাতিল করা, অফিসার ও সাধারণ সৈনিকদের মধ্যকার বৈষম্য দূর করা, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং একটি বিপ্লবী সরকার গঠন।

৩ নভেম্বর থেকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি থাকা মেজর জেনারেল জিয়াউর রহমানকে ৭ নভেম্বর ভোরে কর্নেল তাহের এবং তাঁর বিপ্লবী সৈনিকরা মুক্ত করেন। মুক্ত হওয়ার পর জিয়াউর রহমানকে সৈনিকরা ট্রাকে করে সাধারণ মানুষের সামনে নিয়ে আসেন, যা “সিপাহি-জনতার বিপ্লব” হিসেবে ইতিহাসে পরিচিতি পায়।

কর্নেল তাহের আশা করেছিলেন যে, জিয়াউর রহমান মুক্ত হয়ে জাসদ এবং বিপ্লবী সৈনিক সংস্থার সমাজতান্ত্রিক ১২ দফা দাবি মেনে নেবেন এবং একটি বিপ্লবী সরকার গঠনে সহায়তা করবেন। কিন্তু জিয়াউর রহমান মুক্ত হওয়ার পরপরই প্রথাগত সামরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর জোর দেন এবং তাহেরের রাজনৈতিক দূরভিসন্ধিমূলক এজেন্ডা থেকে দূরত্ব বজায় রাখেন।

সিপাহি বিদ্রোহের সময় সেনানিবাসে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবার হত্যাকাণ্ডের শিকার হন, যা সেনাবাহিনীর মধ্যে গভীর ক্ষোভের জন্ম দেয়। জিয়াউর রহমান দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং সামরিক চেইন অব কমান্ড পুনর্বহাল করেন। ফলে জাসদ এবং কর্নেল তাহেরের সাথে জিয়াউর রহমানের দূরত্ব চূড়ান্ত রূপ নেয়। ২৪ নভেম্বর ১৯৭৫ সালে কর্নেল তাহেরকে গ্রেপ্তার করা হয়। মূলত স্থিতিশীল বাংলাদেশের সূচনা হয় জিয়াউর রহমানের এই দূরদর্শী নেতৃত্বের গুণেই।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের  সিপাহি-জনতা বিপ্লবের (যা পরবর্তীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) রাজনৈতিক ঘটনাপ্রবাহ থেকে যেকোনো গণতান্ত্রিক সরকারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত শিক্ষা রয়েছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জন্য এই ইতিহাস থেকে শিক্ষণীয় প্রধান দিকগুলো হলো:

সামরিক বাহিনী এবং প্রশাসনে শৃঙ্খলা: ১৯৭৫ সালের অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানগুলোর মূল কারণ ছিল সামরিক বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়া এবং শৃঙ্খলাহীনতা। একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, রাজনীতিমুক্ত এবং চেইন অব কমান্ডের প্রতি অনুগত রাখা অপরিহার্য। পাশাপাশি পুলিশ বিডিআর আনসার সহ প্রশাসনের সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখা অপরীহার্য। যে কোনো মূল্যে রাষ্ট্রের অনুগত প্রশাসন গঠনে মননিবেশ করা।

রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য: ৭ নভেম্বরের পটভূমি ছিল চরম রাজনৈতিক পক্ষপাততুষ্ট ব্যক্তির শাসন ও অবিশ্বাসে ভরা। দীর্ঘমেয়াদি শাসনের জন্য বিভাজনের রাজনীতি পরিহার করে সর্বদলীয় ও জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা। সুশাসন নিশ্চিত করা, যেনো জনমানুষ নির্বিঘ্নে তাদের মতামত এবং স্বাধীনতা উপভোগ করতে পারে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকীকরণ: সামরিক বা অসাংবিধানিক হস্তক্ষেপের সুযোগ তখনই তৈরি হয়, যখন বেসামরিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো (যেমন: সংসদ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন) দুর্বল হয়ে পড়ে। সরকারকে শক্তিশালী ও স্বাধীন প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করতে হবে।

জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা ও জনবিচ্ছিন্নতা রোধ: সিপাহি-জনতার বিপ্লবের একটি বড় দিক ছিল তৎকালীন রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যেকোনো সরকারের জন্য জনগণের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে জনবিচ্ছিন্নতা এড়ানো সবচেয়ে বড় শিক্ষা।

ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষা: ১৯৭৫ সালের ঘটনাপ্রবাহে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির গভীর প্রভাব ছিল। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় একটি ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা জরুরি।

উপসংহার: তারেক রহমানের সরকার “বাংলাদেশ বিনির্মাণে” যে ধরনের উদ্যোগ নেয়া শুরু করেছে তা নি:সন্দেহে প্রসংশা পাবার যোগ্য। মাত্র ৮ মাসের সরকারের জন্য অনেক কিছু করা যেমন সম্ভব নয়, তেমনি পতিত সরকারের ভঙ্গুর অর্থনীতি এবং ধ্বংশযজ্ঞের ওপর দ্বাড়িয়ে এর চেয়েও বেশী কী আশা করতে পারি সেটাও বিবেচনায় নিতে হবে। তবে আবারও ৭৫ সালের সেই ৭ নভেম্বরের প্রেক্ষাপট তৈরীর অপচেষ্টা চলছে। পোশাক শ্রমিকদের আড়ালে কখনও সংখ্যালঘু ট্রামকার্ড ছুড়ে কখনও শান্তিপূর্ণ লংমার্চের ব্যাণারে!

যে ভাবেই হোক দেশমাতাকে বাঁচাতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। ৫২’র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর শ্বৈরাচার হটাতে সর্বশেষ ২৪-এর আগষ্টে বাংলার দামাল ছেলেরা রাজপথ নিজেদের রক্তে লাল করতে দ্বিধা করেনি তেমনি ৭ নভেম্বরে এই প্রত্যাশার আলো জিইয়ে রাখতে চাই, যখনই দেশবিরোধী অপশক্তি মাথাচারা দেবে তখনই একসাথে একসুতোয় মিলিত হবে সমগ্র বাংলাদেশ! এই হোক আমাদের অঙ্গিকার!!

এস এম হুমায়ুন কবির
প্রশিক্ষক, নির্মাতা ও সম্পাদক, তিনতন্ত্র