গাজীপুর ভোগড়া এলাকায় ‘ফিন বাংলা অ্যাপারেলস’র এক নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন আড়াই শতাধিক শ্রমিক। পরে ওই নারী কারখানাটির কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান।
আজ মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিন দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে নিলে কিছু বহিরাগত ব্যক্তি তাদের বাধা দেন। এ নিয়ে কারখানার উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) নামের এক শ্রমিক সামান্য আঘাত পান। পরে উপস্থিত শ্রমিকদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এই ঘটনার জেরে কারখানার আশপাশে দিলরুবা নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই খবর শুনে সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে দিলরুবা নিজেই ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় যান। তিনি পুলিশের কাছে নিজের সুস্থ থাকার কথা জানান এবং দুপুরের ঘটনার বিবরণ তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে। গুজবের নেপথ্যের কারণ ও বহিরাগতদের বাধার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
সূত্র: টিবিএস