গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন খতিয়ে দেখতে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর

Share

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের উৎস ও জোগানদাতাদের খুঁজতে তৎপর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের ৯৭ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মিলিয়ে মোট ১০১ জন করদাতার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের পদধারী নেতা, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং সাবেক এক স্বাস্থ্য সচিব রয়েছেন।

তালিকাভুক্ত ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জের পাঁচটি উপজেলায়। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, কোটালীপাড়ায় ৩২ জন, কাশিয়ানীতে ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুরে ১৪ জনের হিসাব জব্দ করা হয়েছে।

ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন— জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব সেরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রিফাতুল আলম।

এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোকতার হোসেনের নামও এই তালিকায় রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও পুলিশ স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের অভিযোগও ওঠে। এসব সহিংসতায় অর্থায়ন এবং সংশ্লিষ্টদের করসংক্রান্ত অনিয়ম যাচাই করতেই এনবিআর ব্যাংক হিসাব জব্দ ও তলবের এই পদক্ষেপ নিয়েছে।