জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। নিরাপত্তাজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী মো. আনিসুর রহমান জানান, আজ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। সে অনুযায়ী সাক্ষ্য দিতে নিহত মো. হোসেনের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে বিচারক সাক্ষ্যগ্রহণ মুলতবি করে আগামী ৭ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
এদিন কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান এবং সুমন মিয়া ওরফে কাইল্লা সুমনকে আদালতে হাজির করা হয়। পাশাপাশি জামিনে থাকা আসামিরাও আদালতে হাজিরা দেন। উল্লেখ্য, এ মামলায় পলক ও সাদেক খানসহ মোট ১০ জন আসামি কারাগারে আটক রয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, শাহজাহান খানসহ ৩৪ জন।
মামলার নথিপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।