আগরতলায় আ.লীগের ১৮ সদস্যের প্রতিনিধিদল, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিএনপি

Share

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দলটির ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে তাঁরা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন।

আগরতলায় আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা— কসবা, আখাউড়া ও বিজয়নগরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিকভাবে প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

দলীয় নির্দেশনার পরপরই সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

সীমান্ত এলাকায় অবস্থানকালে সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি পথ ব্যবহার করে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সীমান্তে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ত্রিপুরার সাবেক এক মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অজয় কর খোকনসহ দলটির নেতাকর্মীরা অবস্থান করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। সীমান্ত পেরিয়ে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে বিএনপি সজাগ রয়েছে বলে জানান তিনি।