নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে তাঁরা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই কর্মীদের আনুষ্ঠানিক বিদায় শুভেচ্ছা জানাবেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইনে’ মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে যোগ দেবেন। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে।
শূন্য অভিবাসন ব্যয় ও স্বচ্ছ প্রক্রিয়া বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থই ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা প্রতিষ্ঠান বহন করছে। জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসেবে এতে কর্মীদের প্রায় ২ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলে জানান রাশেদুল হক।
নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ দালালমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে বোয়েসেল। অনলাইনে জমা পড়া ৪ হাজার ৩৯টি আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন এবং পরবর্তীতে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়।
আসছে আরও সুযোগ, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বোয়েসেল আরও জানিয়েছে, এটি কেবল শুরু; মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ডিএইচএল (১১২ জন), টপ গ্লোভ (৩৭৯ জন), তাতাওয়া ইন্ডাস্ট্রি (৩২ জন) এবং ইউনাইটেড প্ল্যান্টেশন (৫২৫ জন)। পর্যায়ক্রমে বাকি কর্মীদেরও একই প্রক্রিয়ায় পাঠানো হবে।
এদিকে সরকারি এই কর্মসূচির নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য করার জন্য সতর্ক করেছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, নিয়োগ সংক্রান্ত সব তথ্য ও বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজেই প্রকাশ করা হয়।