নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। গতকাল বুধবার রাত থেকে বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং এজেন্সির লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকায় কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
সরেজমিনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শত শত গ্রাহক মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তোলা বা পাঠানোর জন্য এজেন্টের দোকানে গিয়ে ফিরে আসছেন। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে তারা অসহায় বোধ করছেন।
শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল জানান, তিনি শহরে রাস্তায় চা বিক্রি করে সংসার চালান। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে সাত হাজার টাকা পাঠাতে গিয়ে দেখেন তার মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ। টাকা জোগাড় করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। সময়মতো বীজ কিনতে ও বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে এবং এতে তাদের আর্থিক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তিনি।
একই রকম ভোগান্তিতে পড়েছেন দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী পবিত্র বিশ্বাস। তার ঢাকায় অধ্যয়নরত ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য রাতে টাকা চাইলে সকালে তিনি টাকা পাঠাতে গিয়ে দেখেন একাউন্ট বন্ধ রয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ। আমাদের তো প্রতিদিনের প্রয়োজনেই টাকা লেনদেন করতে হয়। এভাবে সব লেনদেন বন্ধ থাকলে আমরা চলব কীভাবে? যারা কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচির সঙ্গে জড়িত নন, তাদেরও এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।’
চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ছোট ব্যবসা করে সংসার চালাই। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকলে আমাদের আয়ও বন্ধ হয়ে যায়। সব ধরনের লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন ভোগান্তিতে পড়তে না হয়।’
সদর উপজেলার বনগ্রামের কৃষক শাহজাহান চৌধুরী বলেন, ‘ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য শহরে পাঠিয়েছি। তাদের প্রায়ই খরচ পাঠাতে হয়। এখন টাকা পাঠাতে না পারলে তারা কীভাবে চলবে? আমরা দিনমজুরি ও কৃষিকাজ করে সংসার চালাই। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন করতে না পারলে আমাদের মতো মানুষেরই বেশি সমস্যা হয়।’
এদিকে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। এজেন্ট বুলবুল মোল্লা বলেন, ‘আজ সারাদিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম।’
সাধারণ গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়; বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের বীজ কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, পরিবারের চিকিৎসা ব্যয় কিংবা প্রবাসী ও কর্মজীবী স্বজনদের পাঠানো অর্থ—অনেক প্রয়োজনই এখন এ সেবার ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ।
এ অবস্থায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, কোনো অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করে করা যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও কেউই ফোন রিসিভ করেননি।