এবার টুঙ্গিপাড়ায় ৫,০০৮ জনের বিরুদ্ধে মামলা বিজিবির

Share

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারভুক্ত প্রধান আসামিরা

মামলায় নাম উল্লেখ করা ৮ আসামির মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু।

ঘটনার বিবরণ ও বিজিবি সদস্যদের আহত হওয়া

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। ওই সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টহলদলের গতিরোধ করেন।

বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে সদস্যদের ওপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান, নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান ও ফারুক হোসেন গুরুতর আহত হন।

ক্ষয়ক্ষতি ও লুটপাটের চিত্র

এজাহারে উল্লেখ করা হয়, অগ্নিসংযোগে বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও ভস্মীভূত হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলাকারীরা বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে এই ঘটনায় আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনতন্ত্র