গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ

Share

ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁকে মারধর করে জোরপূর্বক তাঁর নিজের ফেসবুক আইডি থেকে আপত্তিকর বক্তব্য প্রচার করানো হয়।

পরে সেখান থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে স্থানীয় নেতারা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত ছাত্রদল নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।

ভুক্তভোগী সাব্বির খানের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে রাজাপুরের উদ্দেশে রওনা দেন তিনি। রাত ৮টার দিকে বাসটি গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল লোক বাসটি থামিয়ে তাঁকে নামিয়ে নিয়ে যায়।

তিনি জানান, যাত্রাপথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়েছিলেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন এবং এর কিছুক্ষণ পরই আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন বাস থামিয়ে তাঁকে নামিয়ে নেন।

নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক ভিডিও ধারণ

সাব্বিরের অভিযোগ, প্রায় ২০ জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে মারধর করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তাঁর নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় এবং সেই ভিডিও ধারণ করে তাঁর অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান তিনি। খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা শহরের সি অফিস চত্বর থেকে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

ছাত্রদল ও পুলিশের বক্তব্য

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, সাব্বিরকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক বক্তব্য প্রচারের ঘটনায় তাঁরা তীব্র নিন্দা জানান। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নিয়েছেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনতন্ত্র