জাতীয় পল্লী উন্নয়ন দিবস সামনে রেখে একটি বিশেষ স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আয়োজনে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি বিশেষ উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটাকার্ডও একযোগে প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসান।
প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও আগামী ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ এই বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটাকার্ড প্রকাশের রেওয়াজ বজায় রাখল।