ইনকিলাব মঞ্চ থেকে জাবের ও জুমার পদত্যাগ

Share

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা পৃথক ফেসবুক পোস্টে ইনকিলাব কালচারাল সেন্টার শহীদ ওসমান হাদির ওয়ারিশদের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে বলেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে তা শেষ করে যেতে পারেননি। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল উল্লেখ করে তিনি বলেন, গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জাবের আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ওই হিসাব ব্যতীত তার দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন এগিয়ে নিতে সবার দোয়া কামনা করেন।

তথ্যসূত্র: ফেইস দ্যা পিপল