রাঙামাটি-বান্দরবান সড়কে সেতু ধসে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

Share

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ভেঙে পড়েছে। এর ফলে দুই পার্বত্য জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং সড়কের দুই পাশে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্র ও সড়ক বিভাগ জানিয়েছে, শুক্রবার রাত থেকেই এলাকাটিতে পাহাড়ি ঢলের স্রোত তীব্র আকার ধারণ করে। এই স্রোতের চাপেই রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া খালের ওপর নির্মিত ৩০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু শনিবার ভোররাতে ভেঙে পড়ে। একই সঙ্গে কাছাকাছি একটি রাবার ড্যামের বেড়িবাঁধও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়। রাতের কোনো একসময় পানির প্রবল চাপে সেতুটির একাংশ ধসে যায় বলে জানা গেছে।

সেতু বিচ্ছিন্ন হওয়ায় কর্মস্থলে যাতায়াতকারী, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্তও ওই সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু করা সম্ভব হয়নি।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু এখনো পানিতে ডুবে থাকায় তাঁদের প্রকৌশল দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তিনি জানান, পানি নেমে গেলেই দ্রুত বেইলি সেতু বসিয়ে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় রাঙ্গুনিয়াসহ পার্বত্য জেলা রাঙামাটি ও আশপাশের এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সেতু দ্রুত মেরামতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।