ছবি : সংগৃহীত

পাঁচ দিন পর জানালিহাটে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস ছাড়ল চট্টগ্রামের উদ্দেশে

Share

রেলপথে পানি ওঠায় টানা পাঁচ দিন চট্টগ্রাম নগরের জানালিহাট স্টেশনে আটকে থাকার পর অবশেষে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে কক্সবাজার থেকে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি জানালিহাট স্টেশন থেকে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে রওনা হয়

জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে রেলপথে পানি উঠে যাওয়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর জেরেই কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস জানালিহাট স্টেশনে দীর্ঘদিন আটকে থাকতে বাধ্য হয়।

উল্লেখ্য, মৌসুমি বায়ুর প্রভাবে গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ পানিতে তলিয়ে যায়, কোথাও কোথাও পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট পর্যন্ত পৌঁছায়। পরবর্তীতে সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নেমে গেলেও শমসেরপাড়া এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্তও পানি জমে ছিল বলে জানা গেছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, রেলপথে পানি ওঠার কারণে গত মঙ্গলবার থেকেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই রুটে সাধারণত প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে, যার মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং বাকি দুই জোড়া ঢাকা থেকে ছেড়ে যায়। এসব ট্রেনে দৈনিক আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ এই বিপর্যয়ে যাত্রী চলাচলে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।