শরীয়তপুরের গোসাইরহাটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
আহত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নাম শাকিল আহমেদ। অন্যদিকে আটক ব্যক্তির নাম জসিম উদ্দীন, যিনি গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের চরজালালপুর এলাকার ৭৯ নম্বর উত্তর চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, শিক্ষক জসিম উদ্দীনের সঙ্গে শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুরে রেইনকোট পরে, মুখে মাস্ক ও চোখে রোদচশমা লাগিয়ে ছদ্মবেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন জসিম উদ্দীন। এরপর সঙ্গে থাকা ব্যাগ থেকে হঠাৎ কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান তিনি, যাতে গুরুতর আহত হন শাকিল।
হামলার সময় কার্যালয়ে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। এরপর অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে গোসাইরহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আহত শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ধারণ করা একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দীনকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, সকালে একটি কোমল পানীয় পান করে আর্জেন্টিনার খেলা দেখার পর ঠিক কী ঘটেছে তা তাঁর মনে নেই।