চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ডাকাতির নাটক সাজিয়ে বড় জাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছোট জায়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত সুমাইয়া আক্তার (২৪)।
নিহত রিগান আক্তার (২৬) শাহরাস্তি পৌরসভার বাত্তলা ব্যাপারী বাড়ির বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী। গত বুধবার সকালে ওই বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিগান আক্তারের বাবা কবির হোসেন অজ্ঞাতনামা আসামি করে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নামে পুলিশ। তদন্ত শেষে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হন, এরপর সুমাইয়া আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আসামি সুমাইয়া আক্তার একই বাড়ির ইফতেহার আলমের (রিফাত) স্ত্রী।
জবানবন্দিতে সুমাইয়া জানান, মঙ্গলবার মধ্যরাতে পারিবারিক বিরোধ ও কলহের জেরে বড় জা রিগানের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে তিনি রিগান আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে স্বীকার করেন। এরপর ঘটনাটি ঢাকতে পরিবার ও প্রতিবেশীদের কাছে তা ডাকাতের হামলা বলে প্রচার করেন তিনি।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও ঘরের অবস্থা দেখে প্রাথমিকভাবেই তাঁরা বুঝতে পারেন এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। তাঁর ভাষ্যে, এই হত্যার পেছনে বড় কোনো কারণ ছিল না, বরং পারিবারিক সামান্য বিরোধের জেরেই ঘটনাটি ঘটে, যা পরিবারের কেউই প্রথমে বিশ্বাস করতে পারেননি। বিষয়টি স্পষ্ট হওয়ার পর আসামিকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় পুলিশ, এবং পরবর্তীতে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পুলিশ সুপার।