সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’। আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ম্যারাথন সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীরা প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া করেন। আয়োজনে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ঢাবি ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্যে সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও প্রতিটি প্রান্তর ছাত্রলীগমুক্ত হয়েছিল এবং সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে তিনি মনে করেন। এই দিনটিকে স্মরণ করার লক্ষ্যেই ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চান যে ক্যাম্পাসে ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতি, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, গণরুম-গেস্টরুমের রাজনীতি কিংবা শিক্ষার্থীদের দাসের মতো ব্যবহার করার যে অপরাজনীতি ছিল, তা আর কখনো ফিরে আসবে না।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বাংলাদেশে খুনি হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগসহ এই ফ্যাসিবাদী শক্তির রাজনীতি আর কখনো ফিরে আসতে পারবে না।
বক্তব্যের শেষভাগে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যেকোনো অঞ্চলে দেখা গেলে তাদের থানায় ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।