শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতিঝিল থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারের পর তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারকৃত বাপ্পির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। ডিবি ও থানা পুলিশের সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। একই অভিযানে বাপ্পির সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অবৈধ অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণকারীদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত এই বাপ্পি। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন সুব্রত বাইন। এরপর থেকে বাপ্পি ও তার অনুসারীরা আন্ডারওয়ার্ল্ডে নিজেদের প্রভাব বজায় রাখতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।